গভর্নর গ্রেফতারকে কেন্দ্র করে রাশিয়ায় গণবিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ এএম, ১২ জুলাই ২০২০

আঞ্চলিক এক নেতাকে গ্রেফতারের ঘটনায় রাশিয়ার একেবারে উত্তরাঞ্চলের কিছু শহরে হাজার হাজার মানুষ এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। খাবারোভস্ক আঞ্চলের বিক্ষোভকারীরা বিক্ষোভের সময় পুতিনবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলে বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে।

আজ থেকে ১৫ বছর আগে বেশ কিছু ব্যবসায়ী হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে খাবারোভস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই ফুরগালকে গত বৃহস্পতিবার গ্রেফতার করে রাজধানী মস্কোতে নিয়ে যাওয়া হয়। দুই বছর আগের নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়ার পার্টির প্রার্থীকে হারিয়েছিলেন সের্গেই ফুরগাল।

বিবিসি তার প্রতিবেদকের বরাতে জানিয়েছে, ফুরগোলেও ওই বিজয়ে অঞ্চলটিতে পুতিনের দলের ক্ষমতা হ্রাস পায়। এছাড়া খাবারোভস্কের গভর্নর ফুরগাল দেশটির একেবারে উত্তরাঞ্চলের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। মূলত রাজনৈতিক কারণেই এত বছরে আগের মামলায় পুতিন প্রশাসন তাকে ফাঁসিয়েছে বলে দাবি অনেকের।

আঞ্চলিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, আনুমানিক সর্বোচ্চ প্রায় ৪০ হাজার মানুষ রাস্তায় নেমে গভর্নরকে গ্রেফতার করার প্রতিবাদ জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী এ সময় বিক্ষোভকারীরা ‘এটা আমাদের জন্মভূমি’ ‘পুতিনকে অবশ্যই পদত্যাগ করতে হবে’ এরকম স্লোগান দেন।

এছাড়া তারা ‘স্বাধীনতা চাই’ এবং ‘পুতিন একটা চোর’—এরকম নানা স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা দ্রুত গভর্নর সের্গেই ফুরগালের মুক্তি দাবি করেছেন। খাবারোভস্ক শহর ছাড়াও অঞ্চলটির আরও অনেক শহরে ছোট আকারে বিক্ষোভ দেখা গেছে। তবে পুলিশ কাউকে বাধা কিংবা গ্রেফতার করেনি বলে জানাচ্ছে বিবিসি।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।