জ্বালানির দাম বাড়ায় আন্তর্জাতিক ফ্লাইট সীমিত করছে এয়ার ইন্ডিয়া
জ্বালানির মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কার্যক্রমে। বুধবার (১৩ মে) কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো বা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এয়ার ইন্ডিয়া জানায়, জেট ফুয়েলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক কিছু রুট পরিচালনা আর আগের মতো লাভজনক থাকছে না। ফলে জুন থেকে আগস্টের মধ্যে বিভিন্ন শহরের কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত বা সীমিত করা হবে।
তবে ঠিক কতটি ফ্লাইট এই সিদ্ধান্তের আওতায় পড়বে, তা নির্দিষ্ট করে জানায়নি এয়ার ইন্ডিয়া। তবে সংস্থাটি বলেছে, নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইসহ ভারতের কয়েকটি শহর থেকে শিকাগো, সাংহাই, মালে ও সিঙ্গাপুরগামী কিছু রুট সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া সান ফ্রান্সিসকো, প্যারিস, মিলান ও সিডনিগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হবে বলে জানিয়েছে তারা।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলা সংঘাত ও হরমুজ প্রণালির কার্যত বন্ধ হওয়ার কারণে এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম দ্রুত বেড়ে গেছে। এতে বিমান সংস্থাগুলোর মুনাফা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং যাত্রীভাড়াও বেড়েছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, কয়েকটি কারণে কিছু ফ্লাইটের বাণিজ্যিক কার্যকারিতা ‘উল্লেখযোগ্যভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব সমন্বয়ের পরও সংস্থাটি প্রতি মাসে ১ হাজার ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এয়ার ইন্ডিয়ার জন্য সাম্প্রতিক সময়ের একের পর এক সংকটের নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেন।
২০২২ সালে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নতুনভাবে সাজানোর বড় পরিকল্পনা হাতে নেয়। এর অংশ হিসেবে শত শত নতুন উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয় ও পুরোনো বহর আধুনিকায়নের কাজ শুরু হয়।
সংস্থাটি পরিচালন ব্যবস্থায় আধুনিকায়ন আনতে এবং টাটা গ্রুপের বিভিন্ন এভিয়েশন ব্যবসা একীভূত করতে সক্ষম হলেও একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন উড়োজাহাজ সরবরাহে বিলম্ব ও ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আকাশপথ বন্ধ হয়ে যাওয়া।
তবে এয়ার ইন্ডিয়ার ভাবমূর্তিতে সবচেয়ে বড় আঘাত আসে ২০২৫ সালের জুনে। ওই সময় লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ‘ফ্লাইট ১৭১’ আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে একজন ছাড়া সবাই নিহত হন। এছাড়া মাটিতে থাকা আরও ১৯ জন প্রাণ হারান।
সূত্র: এএফপি
এসএএইচ