একাই সমাধান করতে পারি : লাহোর হামলার পর ট্রাম্পের টুইট


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৮ মার্চ ২০১৬

মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত বক্তব্য-বিবৃতি দিয়ে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। রোববার পাকিস্তানের গুলশান-ই-লাহোর পার্কে ভয়াবহ বিস্ফোরণে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেননি। তবে লাহোর হামলা নিয়ে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্ট ঘিরে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে।

টুইটে তিনি বলেন, এই বিষয়টি তিনি একাই সমাধান করতে পারেন। নির্বাচনী প্রচারণার সময় মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে বেশির ভাগ সময়ই সংবাদের শিরোনাম হয়েছেন ট্রাম্প।

লাহোরে খ্রিস্টানদের লক্ষ্য করে মৌলবাদী হামলা হয়েছে উল্লেখ করে তিনি একাই এই সমস্যা সমাধান করতে পারবেন বলে দাবি করেছেন। তবে তিনি কোন সমস্যার দিকে ইঙ্গিত করেছেন তা পরিষ্কার করে বলেননি টুইটে। এছাড়া লাহোর হামলা সম্পর্কে আনুষ্ঠানিকভাবেও কোনো নিন্দা ও শোক প্রকাশ করেননি মার্কিন এই ধনকুবের।

trump

লাহোরের ওই হামলা নিয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান ও সেলিব্রেটিরা নিন্দা ও শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হামলাকারী জঙ্গিগোষ্ঠীর কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এক টুইটে লাহোর হামলার নিন্দা জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, তার দেশের জনগণ লাহোর হামলায় হতাহতদের পাশে রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের লাহোরের গুলশান ই-ইকবাল পার্কে ভয়াবহ বিস্ফোরণে রোববার সন্ধ্যায় ৭২ জন নিহত হয়েছে। একদিন পর দেশটির সামরিক বাহিনী বলছে, দেশের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।