সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতার ছেলেসহ গ্রেফতার ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সালাহউদ্দিনের দুই ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মিজমিজি চৌধুরীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সালাহউদ্দিনের দুই ছেলে সাইফুল ইসলাম রূপম (২৮), মাহাবুবুর রহমান আরমান (২৬) এবং তাদের সহযোগী কাবির (২৫) ও মনির (১৯)।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফাত উল্লাহ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়ার সঙ্গে উত্তরপাড়া এলাকার যুবকদের উত্তেজনা দেখা দেয়। গ্রেফতারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় ৭ দশমিক ৬৫ বোরের একটি ইউএস তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি নিয়ে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে মহড়া দিচ্ছিল।
খবর পেয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত আটোরিকশা জব্দ করে পুলিশ।
হোসেন চিশতী সিপলু/এআরএ/এবিএস