কুমিল্লায় বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০১ এপ্রিল ২০১৬

কুমিল্লায় ১০ বছর ধরে জরাজীর্ণ বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। নাঙ্গলকোট উপজেলার লাকসাম-বাঙ্গড্ডা-চৌদ্দগ্রাম সড়কের পরিকোট নামকস্থানে শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে এ সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার লাকসাম-বাঙ্গড্ডা-চৌদ্দগ্রাম সড়কের পরিকোট এলাকার বেইলি ব্রিজটি প্রায় ১০ বছর আগে জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এ ব্রিজ দিয়ে যানবাহনের যাত্রীরা চলাচল করে আসছিল। শুক্রবার বিকেল ৩টার দিকে মালবাহী একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ইট নিয়ে ব্রিজ দিয়ে যাওয়ার পথে ভেঙে পড়ে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সুজন আহমেদ, জলিল, সেলিম জানান, বেইলি ব্রিজটি ১০ বছর আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে। এ বিষয়ে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিদিন এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহনের চালক ও যাত্রীরা চলাচল করে আসছিল।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল আরীফ জানান, ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করা হয়েছে।

রাতে এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন জানান, শনিবার সকাল থেকেই বেইলি ব্রিজটির মেরামত কাজ শুরু হবে এবং মেরামত কাজ দ্রুত সম্পন্ন করে এ সড়কে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।