মাহমুদুর ও শওকতের মুক্তির দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের একাংশ) সভাপতি শওকত মাহমুদের মুক্তির জন্য হস্তক্ষেপ কামনা করে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিক নেতারা। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী আনিসুর রহমানের নিকট স্মারকলিপি জমা দেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার কাছে দেয়া স্মারকলিপিতে বলা হয়, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদ দীর্ঘদিন যাবত কারাবন্দি আছেন। সব মামলায় উচ্চ আদালতে জামিন পাওয়ার পরও তাদেরকে পুরাতন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে রাখা হচ্ছে দিনের পর দিন। এমন ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।
সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পরও যেন কাউকে শ্যোন অ্যারেস্ট না দেখানো হয়, এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাওয়া হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদান শেষে সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিক নেতারা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নিকট স্মারকলিপি দেয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম আব্দুলাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক আবদাল আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএইচ/এসএইচএস/পিআর