মিসরে পাঠানো হচ্ছে সেই বিমান ছিনতাইকারীকে
ইজিপ্ট এয়ারের বিমানের সেই ছিনতাইকারীকে হস্তান্তরে মিসরের এক আবেদনে সাড়া দিয়েছে সাইপ্রাস। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাস কর্তৃপক্ষ ওই ছিনতাইকারীকে হস্তান্তর করতে সম্মত হয়েছে।
৫৯ বছর বয়সী মিসরীয় নাগরিক সেইফ এল দিন মুস্তফা ভূয়া বিস্ফোরক বেল্ট ব্যবহার করে গত ২৯ মার্চ মিসেরর অভ্যন্তরীন রুটে চলাচলকারী একটি বিমান সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করে। পরে সাইপ্রাসের লারকানা বিমানবন্দরে কয়েক ঘণ্টার আলোচনা শেষে ৮২ যাত্রী বহনকারী ওই বিমান থেকে বেরিয়ে এসে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেন তিনি।
সাইপ্রাসের সরকারি এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, মুস্তফাকে দেশে ফেরত পাঠাতে এখন বৈধ প্রক্রিয়া শুরু হবে। প্রাসঙ্গিক প্রক্রিয়া শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে দ্রুত ফেরত পাঠানো হবে বলে প্রত্যাশা করছেন তিনি। তবে এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। হস্তান্তরের কাগজ প্রস্তুত না হওয়া পর্যন্ত পুলিশি জিম্মায় থাকবেন ওই ছিনতাইকারী।
১৯৯৬ সালের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তরে মিসরের রাষ্ট্রীয় প্রসিকিউটর আবেদন করেছেন। মিসর কর্তৃপক্ষ বলছে, মুস্তফা মানসিক ভারসাম্যহীন। তবে মুস্তফা বলছেন, তিনি সাবেক স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করার জন্য ওইদিন বিমান ছিনতাই করেছিলেন।
এসআইএস/আরআইপি