মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি: মালেক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজনসহ ছয় মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ে সাতজনকে যাবজ্জীবন ও দুইজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে ক্ষমা করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ের পর ট্রাইব্যুনালে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থানার সাবেক এসআই আব্দুল মালেক। তিনি বলেন, মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি।
রায়ের পর আব্দুল মালেকের বড় ভাই মোহাম্মদ গোলাম হোসেন সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান। নিজেকে টাঙ্গাইলের গোপালপুর থানার বাসিন্দা দাবি করে তিনি বলেন, ঘটনার দিন আমি মোবাইলের মাধ্যমে সংবাদ পেয়ে আশুলিয়া থানা থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে কাইচ্ছাবাড়ি নামক স্থান থেকে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে নিয়ে টাঙ্গাইলে চলে যাই। সুস্থ হওয়ার পর আট তারিখে পুলিশ সুপার বরাবর আবেদন করে সে কাজে যোগদান করে। পুলিশ সুপারের কাছে তার ব্যবহৃত রিভলবার দশ রাউন্ড গুলিসহ জমা দেয়। এরপর তাদেরকে নবাবগঞ্জ থানায় রাখা হয়।
তিনি আরও বলেন, কিছুদিন থাকার পর তাকে কিশোরগঞ্জে বদলি করা হয়, কটিয়াদীতে ছিল। আমরা ওই এলাকায় অনেক গেছি। যাওয়ার পরে আসলে দেখা যায় যে, প্রকৃতপক্ষে যে অপরাধী এএসআই মনিরুল ইসলাম সে সাক্ষী দিয়ে গেছে। অথচ সে গাড়িতে আগুন দিয়েছে। জুয়েল নামে যে কনস্টেবল আছে, সেও আগুন দিয়েছে। আমার ভাই ঘটনাস্থলে ছিল না। আমরা এখানে ন্যায়বিচার পাইনি।
তিনি বলেন, তদন্ত কর্মকর্তা জালালুদ্দিন, তিনি প্রকৃত অপরাধীদের আড়াল করে যারা নির্দোষ মানুষ তাদেরকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দিয়েছেন। এই মামলায় তাদের সাজাও দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই জিনিসটাই জানিয়ে দিতে চাই যে, আমরা ন্যায়বিচার পাইনি।
মামলায় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ১২ জানুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা মো. খলিলুর রহমান। মোট ২২ কার্যদিবসে তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এরপর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আসামি আরাফাত হোসেন। গত ১৪ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আসামিপক্ষসহ প্রসিকিউশনের যুক্তি-পাল্টাযুক্তি খণ্ডন শেষ হয় ২০ জানুয়ারি। ওই দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার এটি তৃতীয় রায়। গত ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।
এ ঘটনায় শহীদ হয়েছেন সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়োজিদ বোস্তামী, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম।
গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সে সময় উপস্থিত আট আসামির সাতজনই নিজেদের নির্দোষ দাবি করেন। তবে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এসআই শেখ আবজালুল হক। একই বছরের ২ জুলাই প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করে প্রসিকিউশন।
এফএইচ/এসএইচএস/এমএস