জামায়াত আমিরের এক্স হ্যাকড: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আদেশ দেন।
আরও জানা গেছে, ৩ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইলফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়, যা তদন্তের স্বার্থে পরীক্ষা করা হচ্ছে।
জানা গেছে, সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমডিএএ/এমআইএইচএস