হত্যাচেষ্টা মামলা

সাবেক সমন্বয়ক রিয়াদসহ চারজনকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০১ মার্চ ২০২৬
সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ/ফাইল ছবি

 

রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সমন্বয়ক ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। 

রোববার (১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী আদালতে এ আবেদন দাখিল করেন।

মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন বলেন, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন।

রিয়াদ ছাড়া এ মামলার অন্য তিন আসামি হলেন—প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।

পুলিশের করা রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে কিছু তথ্য দিয়েছেন এবং প্রাথমিক তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে আসামিদের নাম-ঠিকানা পিসি/পিআর যাচাই এখনো সম্পন্ন হয়নি। তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের পূর্ণ পরিচয় শনাক্তকরণ এবং তাদের অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় অভিযান পরিচালনার জন্য পাঁচদিনের রিমান্ড অপরিহার্য।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এই চারজনকে গ্রেফতার করে। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় এই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা ১০ থেকে ২২ জনকে সেখানে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্বশত্রুতা ছিল। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে নির্জনের সঙ্গে আসামিদের দেখা হয়। সেখানে তাকে সমাবর্তনে অংশগ্রহণের বিষয়ে বলা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শের সময় পরিস্থিতির অবনতি ঘটে।

এজাহারে বলা হয়েছে, রিয়াদের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে নির্জনের ওপর হামলা চালান, এতে তার পিঠ ও বুকে আঘাত লাগে। পরে রিয়াদ একটি সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের মুখমণ্ডলে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার নাকে আঘাত লেগে ওপরের অংশ কেটে যায় এবং তিনি গুরুতর জখম হন। এসময় তাকে এলোপাথাড়ি মারধর করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে নির্জনের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, আসামিরা তখন নির্জনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসভবনে চাঁদা দাবির একটি মামলায় রিয়াদ গ্রেফতার হয়েছিলেন। সে মামলায় জামিনে মুক্ত হওয়ার পর এবার হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হলো।

এদিকে, রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘটনার নেপথ্যে পূর্বশত্রুতা, ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।