২ আসনের ব্যালট পেপার-ফলাফল শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০১ মার্চ ২০২৬
হাইকোর্ট/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফল শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল।

এ দুই আসনের ভোটে কারচুপির অভিযোগ এনে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বিএনপির পরাজিত প্রার্থীরা। আবেদনে ভোট পুনর্গণনা চাওয়া হয়েছে।

এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনালের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন বিএনপি প্রার্থীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।

আদেশের বিষয়ে ব্যারিস্টার কাজল জাগো নিউজকে বলেন, রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন সেখানে বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। আর পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।

শুনানি শেষে দুই আসনের ব্যালট পেপার ও ফলাফল শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ঠিক করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি নিচ্ছে।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।