সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০২ মার্চ ২০২৬
মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা। ছবি: আশিকুজ্জামান

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. নাজিম উদ্দিন, তার স্ত্রী আজিজা তাহের ও পুত্র মোহাম্মদ জায়েম বিন নাজিমের আয়কর নথির সত্যায়িত কপি পর্যালোচনার জন্য তলবের নির্দেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতের আদেশে বলা হয়, অভিযোগের সুষ্ঠু ও পূর্ণাঙ্গ অনুসন্ধানের স্বার্থে ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত বছরভিত্তিক আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্রের সত্যায়িত কপি সরবরাহ করতে হবে। এ সংক্রান্ত নথিপত্র কর অঞ্চল-৯ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান তদন্তের প্রয়োজনে আয়কর নথিগুলো তলবের আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং প্রকৃত সম্পদের তথ্য উদঘাটনে ২০১৩-২০১৪ করবর্ষ থেকে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত দীর্ঘ ১২ বছরের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নথি তলবের নির্দেশ দেন। সংশ্লিষ্ট আয়কর নথি পর্যালোচনার মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এমডিএএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।