স্ত্রীসহ ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১০ মার্চ ২০২৬
মো. আব্দুস সালাম ব্যাপারী/ফাইল ছবি

বিদেশে অর্থ পাচার এবং অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের করা আবেদনে বলা হয়, আব্দুস সালাম ব্যাপারী ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত আব্দুস সালাম ব্যাপারী (৫৯) এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার (৫৬) বিদেশ গমন রোধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বলেন, আদালত কেবল বিদেশ গমনে নিষেধাজ্ঞাই দেননি, অভিযুক্তদের সম্পদের উৎস অনুসন্ধানে ২১টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজউক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এসব প্রতিষ্ঠানকে অভিযুক্তদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাব, বিও অ্যাকাউন্ট, আয়কর নথি, ট্রেড লাইসেন্স এবং দেশি-বিদেশি পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্রুত আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন এবং পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে ওয়াসার সাবেক এমডির বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আদালতের এই আদেশের ফলে অভিযুক্তদের সম্ভাব্য সম্পদ পাচার রোধ এবং বিদেশে থাকা সম্পদের উৎস শনাক্ত করা সহজ হবে।

এর আগে গত রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আব্দুস সালাম ব্যাপারী। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’ এমন খবর প্রকাশের পর তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় এবং পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেন।

জানা গেছে, তার পদত্যাগপত্র এরইমধ্যে গৃহীত হয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।