জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাজরীন শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাজরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে ইতোমধ্যে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
এছাড়া সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলাকালে তারা দেশত্যাগ করতে পারেন, এমন আশঙ্কা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বলেন, আবেদনটি পর্যালোচনা করে আদালত অভিযোগ সংশ্লিষ্ট এই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশে যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এমডিএএ/এসএনআর