কুষ্টিয়ায় ৬ হত্যা

ইনুর বিরুদ্ধে মামলায় পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন ১২ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৭ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু/ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয়েছে। মামলায় আসামি পক্ষের আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১২ এপ্রিল পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই যুক্তিতর্ক উপস্থাপন করেন হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। যুক্তিতর্কের সময় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যুক্তিতর্কে আইনজীবী মনসুরুল হক বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে কয়েকজন ছাত্রসহ যুক্তরাষ্ট্রে যান অধ্যাপক ইউনূস। সেখানে তিনি জুলাই আন্দোলনকে ‘মেটিকুলাস ডিজাইন’ হিসেবে উল্লেখ করেন। তাহলে সে সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায় কার ঘাড়ে যায়? সত্যিকারের হত্যাকারী কারা? এই বিষয়ে ট্রাইব্যুনালের উপেক্ষা করা উচিত হবে না।

২০২৪ সালের ১৮ জুলাই ‘মিরর নাউ’ নামে ভারতীয় একটি টেলিভিশনে কথা বলেছিলেন হাসানুল হক ইনু। সেই সাক্ষাৎকার ট্রাইব্যুনালে দেখানো হয়। পরে মনসুরুল হক বলেন, পুরো সাক্ষাৎকার দেখলে বোঝা যায়, হাসানুল হক ইনু তৎকালীন সরকারের অংশ হিসেবে সেখানে কথা বলেননি। সেখানে শিক্ষার্থীদের আক্রমণ করেও তিনি কোনো কথা বলেননি।

এফএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।