গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন/ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, গুমসংক্রান্ত যে অপরাধ গুম অধ্যাদেশের আওতায় ছিল, সেটি এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল।

মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন বিল আজ জাতীয় সংসদে পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে আইনটিতে গুমের বিষয়টি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সংসদে আইনমন্ত্রী বলেন, গুমের বিচার করার জন্য সরকার যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটি এর মধ্য দিয়ে প্রমাণিত হলো।

এর পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি কপিটা এখনো দেখিনি। আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটি ট্রাইব্যুনাল আইনের সঙ্গে যুক্ত হয়েছে। আমি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, আমার মনে হচ্ছে, গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় আইন ছিল।’

আমিনুল ইসলামের মতে, ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল। অতিরিক্ত আইন বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না।

চিফ প্রসিকিউটর বলেন, ‘এখন যদি এটি ট্রাইব্যুনালের সঙ্গে একীভূত হয়, আমি মনে করি এটি একটি সঠিক এবং যৌক্তিক সিদ্ধান্ত।’

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।