ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন  

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত/ছবি জাগো নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন। মিরপুর থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মামলাটির তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আংশিক মঞ্জুর করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

আরও পড়ুন
তৃতীয় দফায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন রিমান্ডে
‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

এর আগে মানবপাচার ও সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। ওই মামলায় রাষ্ট্রপক্ষের দাবি, তিনি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনশক্তি রপ্তানি খাতে সিন্ডিকেট গড়ে তুলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, একাধিক দফায় রিমান্ডে নেওয়া হলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই এবং আসামি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় বারবার রিমান্ডে নেওয়া অমানবিক।

গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

এমডিএএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।