ব্যবসায়ী ওয়াদুদ হত্যা

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

 

রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব আলম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড চাওয়া হলেও বিচারক আংশিক মঞ্জুর করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

পুলিশ বলছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে তারা।

এমডিএএ/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।