মানববন্ধনে বাধা: দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলনের প্রতিবাদ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে বৃহস্পতিবার আয়োজিত মানববন্ধনে বাধা ও হয়রানির অভিযোগ তুলেছে ‘দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলন’। সংগঠনটির দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এবং আন্দোলনকারীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়।
এ বিষয়ে সংগঠনটি আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। সেখানে তারা জানিয়েছে, ‘দেশের ক্রীড়াঙ্গনে দখলদারিত্ব, অনিয়ম ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তবে কর্মসূচি শুরুর পরপরই কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীদের উদ্দেশে নানা ধরনের উসকানিমূলক আচরণ করে।’
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এবং তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে।’ এমন আচরণকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া কোনোভাবেই কাম্য নয়।
দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছিলেন। কিন্তু সেখানে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা ক্রীড়াঙ্গনের সুস্থ পরিবেশের জন্য ভালো বার্তা দেয় না।
সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি যারা মানববন্ধনে বাধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসকেডি/আইএইচএস/