তিন হত্যাচেষ্টা মামলা

আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৩ নেতাকে গ্রেফতার দেখানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১২ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। বর্তমানে তারা অন্য মামলায় কারাগারে থাকায় তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদন অনুযায়ী, যাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে তারা হলেন- অ্যাডভোকেট ড. মশিউর মালেক (ওরফে আব্দুল মালেক), যিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি; মিঠু দাস (৪৫), সাবেক সভাপতি, শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এবং রফিকুল ইসলাম রফিক (৩৫), সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

আদালতে জমা দেওয়া বাড্ডা থানার নথিপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এসব মামলা দায়ের করা হয়।

ড. মশিউর মালেকের বিরুদ্ধে ২০২৪ সালের ২৫ জুলাই বাড্ডা থানায় দায়ের করা (এফআইআর নং-৪০) মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার একটি মিছিলে গুলি চালানোর ঘটনায় রহিম উদ্দিন ফনিসহ বেশ কয়েকজন আহত হন।

মিঠু দাসের বিরুদ্ধে ২০২৪ সালের ১০ অক্টোবর দায়ের করা (এফআইআর নং-১১) মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ডিআইটি প্রজেক্ট এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলায় তার সম্পৃক্ততা রয়েছে।

এদিকে, রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা (মামলা নং-০৭) মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, আফতাবনগর মেইন গেট এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন।

তদন্তকারী কর্মকর্তাদের আবেদনে বলা হয়েছে, আসামিরা বর্তমানে অন্য মামলায় কারাগারে আটক রয়েছেন। এসব মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে তাদের নতুন করে গ্রেফতার দেখানো প্রয়োজন। প্রয়োজনে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও করা হতে পারে।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বলেন, আজ দুপুরেই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।