পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরাও, কূটনীতি চালু থাকার আশাবাদ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১২ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল/ ছবি: প্রেস টিভি

যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছেড়েছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও। ইসলামাবাদে কয়েক দফার নিবিড় আলোচনার পর রোববার (১২ এপ্রিল) সকালে তেহরানের উদ্দেশ্যে রওয়ানা হন তারা। তবে আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও একে ‘কূটনীতির শেষ’ হিসেবে দেখতে নারাজ ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে জানা গেছে, আলোচনার স্থবিরতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘স্বাভাবিকভাবেই, শুরু থেকে আমাদের এমন কোনো প্রত্যাশা ছিল না যে মাত্র একটি অধিবেশনেই আমরা কোনো চুক্তিতে পৌঁছে যাবো। কারও মনেই এমন ধারণা ছিল না।’

আরও পড়ুন>>
দুঃসংবাদ! ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
ইরানের ‘কোনো তাড়া নেই’, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে
একদিনেই কেন ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা?

তিনি আরও যোগ করেন, ‘কূটনীতি কখনো শেষ হয় না। কূটনৈতিক ব্যবস্থা হলো জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের একটি হাতিয়ার। পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।’

যুক্তরাষ্ট্রের অবস্থান

এর আগে ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি আলোচনার ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করে বলেন, দুঃসংবাদ হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর। আমরা আমাদের ‘রেড লাইন’ স্পষ্ট করে দিয়েছি, কিন্তু ইরান আমেরিকান শর্তগুলো (বিশেষ করে পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়টি) মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।