যেসব যুক্তিতে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুরে তার আইনজীবীর উপস্থাপিত যুক্তিগুলোকে গুরুত্ব দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া জাগো নিউজকে বলেন, সাবেক স্পিকারের পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, স্বাস্থ্যগত অবস্থা এবং নারী হিসেবে বিবেচনাকে গুরুত্ব দিয়ে আদালত জামিন দিয়েছেন।
এই আইনজীবী বলেন, আদালত থেকে বেল বন্ড কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন।
অন্য কোনো মামলায় আটকের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত সে ধরনের কোনো সম্ভাবনা নেই। তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং এখন চিকিৎসা সেবা নেবেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক জাগো নিউজকে জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেফতার দেখানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় করা ওই মামলার এজাহারে অভিযোগ করা হয়, সংঘর্ষ চলাকালে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আসামি করা হয়।
তবে আসামিপক্ষের দাবি, ঘটনাস্থলে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরবর্তীতে আজকের শুনানিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে তার জামিন মঞ্জুর করা হলো।
এমডিএএ/এমএমকে