মানহানির মামলায় আগাম জামিন চাইলেন আমির হামজা
মানহানির মামলায় আগাম জামিন চেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে আজ সোমবার (২৭ এপ্রিল) শুনানি হতে পারে।
এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্য ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নিয়ে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।
পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
এ মামলায় ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন। সঙ্গে সঙ্গে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এফএইচ/এমআইএইচএস