নিয়োগ আদেশ অমান্য

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
হাইকোর্ট/ফাইল ছবি

নিয়োগ আদেশ অমান্য করায় স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

নিয়োগ বিষয়ে রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নির্দেশ দিলেও ওই সময়ের মধ্যে তা না করায় ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাসকে হাইকোর্ট তলব করেছেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লা মিয়া।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে রিটকারী ২৫ জনসহ সারাদেশে অনেকে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। কিন্তু সংশ্লিষ্ট ২৫ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও তাদের নিয়োগ দেওয়া হয়নি। পরে তারা ২০২১ সালে হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুলের চূড়ান্ত শুনানি শেষে রিটকারীদের নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। কিন্তু তারা নিয়োগ পাননি। এরপর রিটকারীরা পুনরায় তাদের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য আবেদন করলে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগ সংক্রান্ত আদালতের রায়ের আদেশ বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেন। তারপরও ওই সময়ের ভেতর রিটকারীদের নিয়োগ দেওয়া হয়নি। তাই আদালত ডিজিকে তলব করলেন।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।