ইনুর মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হতে পারে আজ
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার কথা রয়েছে আজ।
বুধবার (৬ মে) ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শেষ করবেন হাসানুল হক ইনুর সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
এর আগে ৫ মে ৮ম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয়েছে। তারপর আদালত আজকের দিন ঠিক করেন। এদিন রাষ্ট্রপক্ষের যুক্তি তর্ক উপস্থাপন করার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজও আসামির পক্ষে এই মামলায় আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য অনুমোদন দেন ট্রাইব্যুনাল।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন প্রসিকিউটর মো. আব্দুস সাত্তার পালোয়ান।
তিনি বলেন, আজ আসামির পক্ষে যুক্তি-তর্ক শেষ হলে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট (যুক্তি-তর্ক) উপস্থাপন শুরু করতে পারে। এর আগে গত ২ এপ্রিল হাসানুল হক ইনুর মামলায় আর্গুমেন্ট (যুক্তি-তর্ক) উপস্থাপন শুরু হয়। শুরুর দিন থেকেই আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করছেন। এখন পর্যন্ত পর্যায়ক্রমে আট দিন আর্গুমেন্ট (যুক্তি-তর্ক) উপস্থাপন করা হয়েছে। আজকে নবম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
আদালতে আসামের পক্ষে শুনানি করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনসুরুল হক, ফারুক আহম্মদ চৌধুরী ও ব্যারিস্টার সিফাত মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট হাসান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন আমিনুর ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবান তরফদার, প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও আব্দুস সাত্তার পালোয়ান।
যুক্তিতর্কে আইনজীবী মনসুরুল হক বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে কয়েকজন ছাত্রসহ যুক্তরাষ্ট্রে যান অধ্যাপক ইউনূস। সেখানে তিনি জুলাই আন্দোলনকে ‘মেটিকুলাস ডিজাইন’ হিসেবে উল্লেখ করেন। তাহলে সে সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায় কার ঘাড়ে যায়? সত্যিকারের হত্যাকারী কারা? এই বিষয়ে ট্রাইব্যুনালের উপেক্ষা করা উচিত হবে না। হাসানুল হক সংসদ সদস্য ছিলেন না। হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। কুষ্টিয়ায় তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন না।
এফএইচ/এসএনআর