সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৪ মে ২০২৬
আদালতে মাসুদ উদ্দিন চৌধুরী

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে বিপ্লব শেখ (১৯) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে একই ঘটনায় তাকে নতুন করে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করে পুলিশ। ঢাকার সিএমএম আদালতে দাখিল করা ওই আবেদনে বলা হয়, চলমান তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় আটক থাকায় এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. হাবিব উল্ল্যাহ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে জানায়, ঘটনার নেপথ্য উদঘাটন ও অন্যান্য জড়িতদের শনাক্ত করতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে আদালত আবেদন আংশিক মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বিপ্লব শেখ গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিপ্লব শেখ নিহত হন। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে পৃথক একটি মামলায় টানা পাঁচ দফায় ২১ দিনের রিমান্ড শেষে গত ৩০ এপ্রিল তাকে আদালতে হাজির করা হয়। সেসময় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেও আসামিপক্ষ তার শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরে রিমান্ডের বিরোধিতা করে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার নেপথ্যের বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করবে তদন্ত সংস্থা।

এমডিএএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।