মানবতাবিরোধী মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হলো
এক/এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
একই সঙ্গে তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। পরে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো ও জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এক/এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।
২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব দেওয়ার সময় মাসুদ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রধান (জিওসি) ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফট্যানেন্ট জেনারেল হন।
বাংলাদেশের এ রাজনৈতিক সংকটে মাসুদ উদ্দিনকে অন্যতম একজন সংগঠক হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়েছে। জাতীয় পার্টির মনোনয়নে তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে একই আসন থেকে সদস্য নির্বাচিত হন।
এফএইচ/এমএএইচ/