মেয়র শাহাদাত
লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়—সেটি নিশ্চিত করা হবে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, লালদিয়ার চরে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন দুর্ভোগে না পড়ে সে বিষয়ে সিটি করপোরেশন মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়—সেটি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লালদিয়ার চরে উচ্ছেদকৃত পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২০০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
মেয়র বলেন, উন্নয়ন অবশ্যই মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করতে হবে। তিনি আরও বলেন, পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের পাশে সিটি করপোরেশন রয়েছে এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে।
স্থানীয় বিভিন্ন ইস্যুর প্রসঙ্গ টেনে ডা. শাহাদাত হোসেন বলেন, ধর্মীয় স্থাপনা, মসজিদ ও কবরস্থান নিয়ে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবসার, বিএনপি নেতা মো. ইসমাইল, আবদুল সাত্তার, মো. ইলিয়াস, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্য সচিব আলী আজমসহ লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যরা।
এমআরএএইচ/এমএমকে