নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১০ মে ২০২৬
জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস, ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর ফলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপনের জন্য আগামী ৮ জুন পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। ওই দিন সাক্ষ্যগ্রহণের জন্য ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি নিয়ে রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল আদেশ এ দেন।

এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

এছাড়া মামলায় নানক ও তাপসসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এ মামলার আসামিদের বিরুদ্ধে উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয়। 

প্রসিকিউশনের সূত্র মতে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসতা চালায়। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকতসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

এফএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।