শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৪ জুলাই
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জুলাই দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও ওইদিন তা হয়নি। পরে বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।
এ মামলায় গত ২৩ এপ্রিল অভিযোগ গঠন শুনানি শেষ হয়। ওইদিন আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। এরও আগে গত ১৯ এপ্রিল অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।
প্রসিকিউশন এ মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে।
প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমতি নিয়ে নিজের সশস্ত্র বাহিনী তথা এ মামলার ১১ আসামিকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডে মেতে ওঠেন শামীম ওসমান।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তবে আসামিদের সবাই পলাতক।
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষাড়া ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়।
গত ৪ মার্চ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল পলাতক ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তারও আগে গত ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
এফএইচ/এমকেআর