চট্টগ্রাম-৪ আসন

আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৩ মে ২০২৬
আসলাম চৌধুরী, ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ নেওয়ার সুযোগ চেয়ে করা আবেদনের ওপর বৃহস্পতিবার (১৪ মে) আদেশ দেবেন আপিল বিভাগ।

এ বিষয়ে বুধবার (১৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য দিন নির্ধারণ করেন।

এর আগে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। তবে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। একই আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আদালত আদেশ দেন, ওই আসনে ভোটের ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে আসলাম চৌধুরী আবেদন করেন।

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, আজ আংশিক শুনানি হয়েছে। আগামীকাল আবেদনের ওপর আদেশ দেওয়া হবে। আবেদনে আসলাম চৌধুরী ফলাফল প্রকাশ ও শপথের সুযোগ চেয়েছেন। আমরা শুনানিতে বলেছি, মূল আপিলের শুনানি না হয়ে এ ধরনের আবেদন গ্রহণ করা হলে মূল আপিলের প্রয়োজনীয়তা থাকবে না।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।