কুষ্টিয়ায় ছয় হত্যা

মানবতাবিরোধী মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১১ মে ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আরগুমেন্ট) উপস্থাপন শুরু হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে বলেন, আসামিদের বক্তব্য, নির্দেশনা এবং সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যা ও নির্যাতনের ঘটনা পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ বলেও যুক্তিতর্কে তুলে ধরা হয়।

সোমবার (১১ মে) প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার (১২ মে) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে কুষ্টিয়ার মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ অন্যান্য আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। তাকে সহায়তা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

এর আগে মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১১ মে দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় নির্ধারিত দিনে আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সাক্ষী দিয়েছেন ১৯ জন। হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গত বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।