যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ জুলাই ২০১৭

যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানকে আট কোটি ৫০ লাখ টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

একই সঙ্গে এক বছরের কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। জালিয়াতির অর্ধেক টাকা পরিশোধের পর এ সংক্রান্ত আবেদন শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি  রইস উদ্দিনের একক বেঞ্চ আরিফুর রহমানের আপিল খারিজ করে এ  আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে ছিলেন এএফ হাসান আরিফ ও এসএম বকস কল্লোল। আরিফুর রহমানের পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন লস্কর।

জানা যায়,  ছয় বছর আগে বোরাক রিয়েল এস্টেট কোম্পানির কাছে নগদ ১৫ কোটি টাকা গ্রহণ করেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান। ওই টাকার বিপরীতে তিনি সমপরিমাণ টাকার চেক দেন। পরবর্তীতে ওই চেক ব্যাংকে দিলে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত (বাউন্স) আসে।  ওই ঘটনায় ২০১২ সালে ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণা মামলা করে বোরাক রিয়েল এস্টেট কোম্পানি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ২৪ জানুয়ারি ওই মামলার রায় হয়। রায়ে আরিফুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানাসহ ১৫ কোটি ৫০ লাখ টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন। পরে এর বিরুদ্ধে আপিল করেন আরিফুর রহমান।

আইনজীবী এস এম বকস কল্লোল বলেন, বিচারিক আদালতের রায়ের পর তিনি সাড়ে সাত কোটি টাকা পরিশোধ করেছিলেন। এখন বাকি আট কোটি ৫০ লাখ টাকা ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তার দণ্ড বহাল থাকবে।

এফএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।