৭ খুন মামলা : শহিদ চেয়ারম্যানের সাক্ষ্যগ্রহণ চলছে


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ৩১ মার্চ ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের দুটি মামলায় শহিদ চেয়ারম্যানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। শহিদ চেয়ারম্যান নিহত নজরুলের শ্বশুর। এই শহিদ চেয়ারম্যান সাত খুনের ঘটনায় র‌্যাবকে অভিযুক্ত করেছিলেন। তার অভিযোগে র‌্যাবের কর্মকর্তাসহ অভিযুক্তদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিকে শহিদ চেয়ারম্যানকে মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জেরা করতে থাকে। জেরায় নজরুলের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৭ খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ২৩ জনের উপস্থিতিতে শহিদ চেয়ারম্যানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

জানা গেছে, ৭ খুনের ঘটনায় গ্রেফতার রয়েছেন ২৩ জন এবং পলাতক ১২ জন। ৭ খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী বিজয় কুমার পাল হলেন নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ের জামাতা ও অপর বাদী সেলিনা ইসলাম বিউটি হলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

শাহাদাত হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।