মির্জা আব্বাসের মুক্তিতে বাধা কাটলো
সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে মির্জা আব্বাসের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
এর আগে গত ২১ মার্চ মির্জা আব্বাসের জামিনের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।
গত ১৪ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন এক সপ্তাহ স্থগিত করেছিল।
গত ০৯ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ এ মামলায় মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দেয়।
মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ মামলা ছাড়াও নাশকতার দুই মামলায় গত ০৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। কিন্তু বিচারিক আদালতে জামিন আবেদন করে বিফল হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।
এফএইচ/এএইচ/এবিএস