ঘুমের আগে রিলস দেখার অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১১ মার্চ ২০২৬
সংগৃহীত ছবি

বর্তমানে সব বয়সের মানুষের মধ্যেই ঘুমানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস দেখার প্রবণতা দ্রুত বেড়েছে। অনেকের কাছে রিলস যেন হয়ে উঠেছে সহজ বিনোদনের মাধ্যম। ব্যস্ত দিনের শেষে বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে একের পর এক ছোট ভিডিও দেখা এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। কিন্তু অজান্তেই এই অভ্যাস শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের আগে দীর্ঘ সময় রিলস দেখা শুধু ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে না, বরং দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যাও তৈরি করতে পারে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাতে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে রিলস দেখার সঙ্গে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকির একটি সম্পর্ক রয়েছে, বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে।

চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ৪,৩১৮ জন অংশগ্রহণকারীর ওপর বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, যারা ঘুমের আগে দীর্ঘ সময় ধরে রিলস বা ছোট ভিডিও দেখেন, তাদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। গবেষকদের মতে, দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকলে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না এবং শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে শরীরের বিভিন্ন শারীরিক কার্যক্রমে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।

ঘুমের আগে রিলস দেখার অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

রিলস দেখার আসক্তি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। দ্রুত গতির ছোট ভিডিওগুলো মস্তিষ্ককে একটানা উদ্দীপনার মধ্যে রাখে। এতে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে এবং গভীরভাবে চিন্তা করার অভ্যাসও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকলে সৃজনশীলতা কমে যেতে পারে এবং মানসিক চাপও বাড়তে পারে।

শারীরিক দিক থেকেও এর প্রভাব কম নয়। রিলস দেখার সময় সাধারণত মানুষ একই অবস্থায় দীর্ঘ সময় বসে বা শুয়ে থাকে। এতে শরীরের স্বাভাবিক নড়াচড়া কমে যায় এবং রক্তসঞ্চালন ব্যাহত হতে পারে। পাশাপাশি স্ক্রিনের আলো মস্তিষ্ককে সজাগ রাখে, যার ফলে শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। এতে হৃদস্পন্দন বাড়তে পারে এবং ধীরে ধীরে উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হতে পারে।

তাই বিশেষজ্ঞরা এই অভ্যাসে নিয়ন্ত্রণ আনার পরামর্শ দিচ্ছেন। ঘুমানোর আগে দীর্ঘ সময় ফোন ব্যবহার না করাই ভালো। প্রয়োজন হলে নির্দিষ্ট সময় নির্ধারণ করে রিলস দেখা যেতে পারে। এছাড়া ঘুমানোর অন্তত আধা ঘণ্টা আগে স্ক্রিন ব্যবহার বন্ধ করলে ঘুমের মান ভালো থাকে।

ঘুমানোর সময় ফোন দূরে রেখে শুতে যাওয়া, বই পড়া বা হালকা সঙ্গীত শোনার মতো অভ্যাস তৈরি করলে শরীর ও মন দ্রুত শান্ত হয়। এতে ঘুমও গভীর হয় এবং শরীর পর্যাপ্ত বিশ্রাম পায়।

রিলস দেখা বিনোদনের একটি সহজ মাধ্যম হলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সুস্থ জীবনযাপনের জন্য এই অভ্যাসে সচেতনতা ও সময় নিয়ন্ত্রণ জরুরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস, মায়ো ক্লিনিক

আরও পড়ুন:
রাতে যে ফলের রস পান করলে সকালে গলায় আরাম পাবেন
রাতে ভালো ঘুমের জন্য পান করুন ভেষজ চা

এসএকেওয়াই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।