ঈদের ফ্যাশনে ঝড় তুলেছে কাশ্মীরি চুড়ি
ঈদ মানেই নতুন পোশাক, হাতে মেহেদি আর ভরা রঙিন চুড়ি। বছরের এই বিশেষ উৎসবকে ঘিরে সাজের প্রস্তুতিও থাকে আলাদা। তবে এবার ঈদের বাজারে যোগ হয়েছে নতুন এক ফ্যাশন ট্রেন্ড কাশ্মীরি চুড়ি, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।
এই চুড়ির জনপ্রিয়তা এখন শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নেই, বাংলাদেশেও তরুণীদের পছন্দের তালিকায় দ্রুত জায়গা করে নিয়েছে। ফ্যাশনপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উন্মাদনা। ঐতিহ্যবাহী ডিজাইন আর আধুনিক স্টাইলের সমন্বয়ই এই জনপ্রিয়তার মূল কারণ হতে পারে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের ঐতিহ্যবাহী মোতি বাজার থেকে শুরু করে ইসলামাবাদ-এর বিভিন্ন শপিং মার্কেটে এই চুড়ির চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। একই চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ-এও। বিভিন্ন ফেসবুক পেজ, অনলাইন শপ এবং স্থানীয় দোকানগুলোতে এখন এই চুড়ির ব্যাপক চাহিদা। মূলত একটি ভাইরাল ভিডিও থেকেই শুরু হয় এই ট্রেন্ডের যাত্রা, যা অল্প সময়েই ছড়িয়ে পড়ে দুই দেশের ফ্যাশন জগতে।

যা আছে কাশ্মীরি চুড়িতে
কাশ্মীরি চুড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর নকশা। সাধারণত একটি সেটে থাকে চারটি কড়া, যার সঙ্গে লাগানো থাকে ছোট ছোট ঘুঙুর। পাশাপাশি থাকে চিকন কাঁচ বা ধাতব চুড়ি, যা পুরো সেটটিকে করে তোলে আরও আকর্ষণীয়।
লাল, সবুজ, সোনালিসহ নানা রঙের সমন্বয়ে তৈরি এই চুড়িগুলো হাতে পরলে যেন রঙধনুর মতো ঝলমল করে। তা ঈদের সাজে এনে দেয় বাড়তি প্রাণবন্ততা।

বাজারে কোথায় মিলছে, দাম কেমন
রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট ও গাউছিয়ার গহনার দোকানগুলোতে এখন কাশ্মীরি চুড়ির ছড়াছড়ি। শুধু অফলাইন দোকান নয়, অনলাইন শপগুলোতেও পাওয়া যাচ্ছে এই ট্রেন্ডি সংগ্রহ। বাজারে কাশ্মীরি চুড়ির সেটের দাম শুরু হয়েছে প্রায় ৩০০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।
কেন এত জনপ্রিয়
ঈদের সময় সাধারণত কাঁচের চুড়ি বা পাথর বসানো চুড়ির চাহিদাই বেশি থাকে। তবে এবার কাশ্মীরি চুড়ির রঙিন ঝলক ও ঘুঙুরের সুর অনেকটাই ছাপিয়ে গেছে অন্য সব স্টাইলকে। সোনালি ও রুপালি ধাতব চুড়িতে বসানো ছোট ঝুনঝুনি হাতের নড়াচড়ায় তৈরি করছে মিষ্টি শব্দ, যা সাজে এনে দিচ্ছে আলাদা মাত্রা।
আরও পড়ুন:
এথনিক সৌন্দর্যে কেয়া পায়েলের নজরকাড়া লুক
রুচিশীল ফ্যাশনে ঝলমলে পূজা
এসএকেওয়াই