গরমে ত্বক নষ্ট? মানুন সহজ ৮ নিয়ম
গরমে ত্বকের যত্ন নেওয়া মানে শুধু বাহ্যিক পরিচর্যা নয়, বরং সঠিক কিছু অভ্যাস গড়ে তোলা। আবহাওয়া, বসবাসের পরিবেশ ও দূষণের মাত্রা অনুযায়ী ত্বকের চাহিদাও বদলে যায়। বিশেষ করে গ্রীষ্মকালে তীব্র রোদ, ঘাম ও পানিশূন্যতা ত্বকের ওপর বাড়তি চাপ ফেলে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই সময়েও ত্বক রাখা যায় সতেজ ও স্বাস্থ্যোজ্জ্বল।
নিয়মিত সানস্ক্রিন ব্যবহার
রোদের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি ত্বকে ট্যান, কালচে দাগ এবং অকাল বার্ধক্যের কারণ হতে পারে। তাই বাইরে যাওয়ার আগে অন্তত এসপিএফ ৪০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। একবার লাগানোর পর কয়েক ঘণ্টা সুরক্ষা মিললেও দীর্ঘ সময় বাইরে থাকলে পুনরায় ব্যবহার করাই ভালো।
শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখুন
গরমে ঘামের কারণে শরীর দ্রুত পানি হারায়। তাই পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ত্বকে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে তা শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা পায়। যারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করেন, তাদের ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরপর ময়েশ্চারাইজার ব্যবহার করা উপকারী।
মৃদু ক্লিনজার দিয়ে পরিষ্কার রাখুন
দিনভর ঘাম, ধুলাবালি ও সানস্ক্রিন ত্বকের রোমছিদ্র বন্ধ করে ফেলতে পারে। তাই দিনে অন্তত দুইবার হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। বাইরে থেকে ফিরে এবং ঘুমানোর আগে মুখ ধোয়া অভ্যাসে পরিণত করুন।
আরও পড়ুন:
- রোদে পোড়া দাগ থেকে মুক্তি মিলবে ঘরোয়া টোটকায়
- বৃষ্টিতে চুলের যত্ন নেবেন যেভাবে
- ভিজলেও নষ্ট হবে না ঈদের সাজ
ত্বককে ঠান্ডা ও আরামদায়ক রাখুন
গরমে অনেকের ত্বকে জ্বালা, লালচে ভাব বা অস্বস্তি দেখা দেয়। এ ক্ষেত্রে অ্যালোভেরা, শসা বা ঠান্ডা উপাদানসমৃদ্ধ পণ্য ব্যবহার করলে ত্বক প্রশান্তি পায়। ফ্রিজে রাখা ফেস মিস্ট বা শিট মাস্ক ব্যবহার করলে ত্বক দ্রুত সতেজ অনুভব করে।
অ্যান্টি–অক্সিডেন্টের যত্ন
সকালের রুটিনে ভিটামিন সি সমৃদ্ধ সিরাম যুক্ত করলে ত্বক পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা পায়। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ক্লান্ত ভাব দূর করতে সাহায্য করে।
নিয়মিত এক্সফোলিয়েশন
গরমে ত্বকে মৃত কোষ জমে গিয়ে ত্বক নিস্তেজ দেখাতে পারে। তাই সপ্তাহে এক থেকে দুইবার এক্সফোলিয়েশন করলে ত্বক পরিষ্কার ও মসৃণ থাকে। তবে খুব বেশি স্ক্রাব না করাই ভালো, এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।
হালকা মেকআপে স্বস্তি
অতিরিক্ত মেকআপ গরমে ত্বকের জন্য সমস্যা তৈরি করতে পারে। ভারী প্রসাধনী রোমছিদ্র বন্ধ করে ব্রণ বা অন্যান্য জটিলতা সৃষ্টি করে। তাই এই সময়ে হালকা বা মিনিমাল মেকআপ ব্যবহার করাই সবচেয়ে ভালো।
সূর্য থেকে বাড়তি সুরক্ষা নিন
রোদে বের হলে ক্যাপ, হ্যাট, সানগ্লাস বা ছাতা ব্যবহার করলে সরাসরি সূর্যালোকের প্রভাব কমে। বিশেষ প্রয়োজনে ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলাও বুদ্ধিমানের কাজ।
অতিরিক্ত যত্ন
খাদ্যাভ্যাসও ত্বকের ওপর বড় প্রভাব ফেলে। ফলমূল ও সবজি থেকে পাওয়া ভিটামিন ও অ্যান্টি–অক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। আর পর্যাপ্ত পানি পান করলে ত্বক থাকে স্বাভাবিকভাবে আর্দ্র ও প্রাণবন্ত। এই সহজ অভ্যাসগুলো নিয়মিত অনুসরণ করলে গরমকালেও ত্বক থাকবে সতেজ, পরিষ্কার ও উজ্জ্বল।
তথ্যসূত্র: ভোগ অ্যারাবিয়া
জেএস/