সন্তান প্রসবের পর কি মায়েদেরও দুধ খাওয়া উচিত
সন্তান প্রসবের পর একজন মায়ের শরীরে আসে বড় রকমের পরিবর্তন। শুধু ঘুম কমে যাওয়া বা ক্লান্তি নয়— হাড়, পেশি, হরমোন, ক্যালসিয়াম, মানসিক অবস্থা সবকিছুর ওপর চাপ পড়ে। অনেক মা বলেন, সন্তান জন্মের পর শরীর ‘খালি খালি’ লাগে, হাঁটু বা কোমরে ব্যথা হয়, দুর্বল লাগে, দাঁত বা হাড়ে অস্বস্তি অনুভূত হয়। চিকিৎসাবিজ্ঞান বলছে, এর পেছনে বড় কারণগুলোর একটি হলো শরীরের ক্যালসিয়াম ও হাড়ের ঘনত্বে পরিবর্তন। এ সময় সঠিক খাদ্যাভ্যাস, বিশেষ করে দুধ ও ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রসবের পর মায়ের শরীরের হাড়ে কী ঘটে
গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম শিশুর শরীরে চলে যায়। ফলে সাময়িকভাবে মায়ের বোন মিনারেল ডেনসিটি (বিএমডি) বা হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। বিশেষ করে মেরুদণ্ড, কোমর ও হিপ অঞ্চলে এর প্রভাব বেশি দেখা যায়।
২০২৩ সালে প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউ বলছে, সন্তান জন্মের পর প্রথম ৪-৬ মাস বুকের দুধ খাওয়ানোর সময়ে মায়ের লাম্বার স্পাইনের হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাময়িক এবং পরে ধীরে ধীরে পুনরুদ্ধার হয়।
কী কী লক্ষণে বোঝা যায়
চিকিৎসকদের মতে, সন্তান জন্মের পর হাড় ও শরীর দুর্বল হওয়ার কিছু সাধারণ লক্ষণ হলো—
- কোমর বা হাঁটু ব্যথা
- পিঠে টান লাগা
- দাঁতে সংবেদনশীলতা
- শরীর ভেঙে যাওয়া অনুভূতি
- দ্রুত ক্লান্ত হয়ে পড়া
- পেশিতে দুর্বলতা
- চুল পড়া ও অবসাদ
সব মায়ের ক্ষেত্রে অবশ্য একই উপসর্গ দেখা যায় না। তবে দীর্ঘদিন অপুষ্টি বা কম ক্যালসিয়াম গ্রহণ করলে সমস্যা বাড়তে পারে।
দুধ কি সত্যিই উপকার করে
গবেষণা বলছে, দুধে থাকা ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস ও ভিটামিন-ডি হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত দুধ খেলে শরীর ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়তা পায়।
চীনের পোস্টপার্টাম নারীদের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, ক্যালসিয়ামসমৃদ্ধ দুধ পান করায় হাড়ের ক্ষয় কমাতে সহায়ক হয়েছে। তবে বিজ্ঞানীরা এটাও বলছেন— শুধু দুধ খেলেই সব সমস্যা দূর হবে না। পর্যাপ্ত পুষ্টি, রোদে থাকা, বিশ্রাম ও সুষম খাদ্যও জরুরি। ১৯৯৭ সালে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সব ক্ষেত্রে নাটকীয় ফল দেয় না, তবে যাদের খাদ্যে ক্যালসিয়াম কম থাকে, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে।
চিকিৎসকেরা কী পরামর্শ দেন
বিশেষজ্ঞদের মতে, সন্তান জন্মের পর মায়েদের প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম ও প্রোটিন প্রয়োজন। এজন্য তারা সাধারণত পরামর্শ দেন—
- দুধ ও দুগ্ধজাত খাবার
- ছোট মাছ
- ডিম
- ডাল ও শাকসবজি
- পর্যাপ্ত পানি
- রোদে থাকা
- হালকা ব্যায়াম
বিশেষ করে বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ গুরুত্বপূর্ণ বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।
সন্তান জন্মের পর শরীর দুর্বল লাগা অস্বাভাবিক নয়। তবে এই পরিবর্তনের বড় অংশই সাময়িক। সঠিক খাবার, বিশ্রাম, দুধ ও ক্যালসিয়ামসমৃদ্ধ খাদ্য, এবং পরিবারের সহযোগিতা পেলে শরীর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে পারে। একজন সুস্থ মা মানেই একটি সুস্থ পরিবার। তাই সন্তান জন্মের পর মায়ের যত্নকে বিলাসিতা নয়, প্রয়োজন হিসেবেই দেখা উচিত।
আরএমডি