ছেলেরা ত্বকের ভাঁজ দূর করতে যা করবেন
অনেক পুরুষের মুখের ত্বকে অল্প বয়সেই ভাঁজ পড়তে দেখা যায়। তাতে করে বয়সের আগেই তাদেরকে দেখতে বয়স্ক লোকদের মতো লাগে। তাই ত্বকের ভাঁজ প্রতিরোধ কিংবা দূর করার জন্য নিজের প্রচেষ্টাই সবার আগে জরুরি।
মানুষের ত্বকের নীচে রয়েছে কোলাজেন ও ইলাস্টিন ফাইবার। ত্বকের এই কোলাজেন ও ইলাস্টিন ত্বককে অটুট ও দৃঢ় রাখে। কোন কারণে যদি ত্বকের এই গুরুত্বপূর্ণ উপাদান কোলাজেন ও ইলাস্টিন ভেঙ্গে যায় তাহলে ত্বকে ভাজ পড়ে যাকে আমরা বলি রিংকেল।
সাধারণত নানা কারণে ত্বকে ভাজ পড়তে পারে। তার মধ্যে রয়েছে বারবার মুখ ও কপাল কুচকিয়ে ভঙ্গিমা করা, বয়স জনিত সমস্যা, সান ড্যামেজ বা সূর্য কিরণে ত্বকের ক্ষতি, ধূমপান, পর্যাপ্ত পরিমাণ পানি না পান করা এবং হরমোনের তারতম্যসহ অন্যান্য কিছু কারণ।
বিশেষ করে শরীরে যদি কর্টিসোল হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাহলে ত্বকের কোলাজেন ভেঙ্গে যায়। ফলে ত্বকের ভাজ বা রিংকেল সৃষ্টি হয়। ডায়াবেটিস, ইনফেকশাস ডিজিজসহ নানা কারণে শরীরের ওজন কমলেও ত্বকে ভাজ পড়ে বা ত্বক শিথিল হতে পারে।
ত্বকের এই ভাঁজ প্রতিরোধ করতে হলে প্রচুর পরিমাণ পানি পান, অকারণে কপাল কুচকানো বন্ধ করা, ধূমপান সম্পূর্ণ পরিহার এবং কিছু কিছু কসমেটিক পদ্ধতি অনুসরণ করে ভালো ফল পাওয়া যায়।
কসমেটিক পদ্ধতির মধ্যে রয়েছে মেডিক্যালি এ্যাপরুভড ব্লিচিং এজেন্ট ও কেমিক্যাল ব্যবহার, বোটক্স ও কৃত্রিম কোলাজেন প্রয়োগ, কেমিক্যাল পিলিং ও ক্ষেত্র বিশেষ লেজার ব্যবহার করা যেতে পারে।
এইচএন/এমএস