কাঁচা মরিচের আচার বানাবেন যেভাবে


প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩০ মে ২০১৫

ঝাল খেতে ভালোবাসেন অনেকেই। যারা ঝাল প্রেমী তারা কাঁচা মরিচ দিয়ে আচার বানিয়ে নিতে পারেন। বেশ ঝাল ও হাল্কা টক স্বাদের এই আচার খাবারের তৃপ্তি বাড়িয়ে দিবে বহুগুণে। এই আচার একবার তৈরি করলে বেশ কয়েক বছর ঘরে থাকবে। কেবল ভাত বা পোলাও নয়, রুটি- পরোটা কিংবা ভাজাভুজির সাথেও চাটনি হিসাবে পরিবেশন করা যায় কাঁচা মরিচের আচার। এমনকি নানান রকম কারি ও ভুনা মাংস রান্নাতেও ব্যবহার করা যায়। স্বাদে যোগ হয় একটি ভিন্ন মাত্রা। চলুন জেনে নেয়া যাক, মজাদার কাঁচা মরিচের আচার তৈরির নিয়ম-

উপকরণ :
কাঁচামরিচ ১০০ গ্রাম, সরিষা বাটা- দেড় টেবিল চামচ, ধনিয়া গুঁড়া - ১ টেবিল চামচ, পাঁচফোড়ন মেথি সহ - ২ টেবিল চামচ, আদা বাটা - ১ চা চামচ, রসুন বাটা - ২ চা চামচ, হলুদ গুঁড়া - ১/২ চা চামচ, মরিচ গুঁড়া - ২ চা চামচ, চিনি- ১/২ কাপ, সিরকা/ভিনেগার- ১/২ কাপ, রসুন কোয়া- ১৫ থেকে ২০ টি, খাঁটি সরিষার তেল - ২ কাপ, লবণ পরিমাণ মত।

প্রণালি :
প্রথমে মরিচ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার ডুমো ডুমো করে কেটে লবণ ও হলুদ মাখিয়ে ৩/৪ ঘন্টা রেখে দিতে হবে। পাঁচফোড়ন ভালো করে টেলে নিয়ে গুঁড়া করে নিতে হবে। এবার তেল দিয়ে আদা, রসুন ও হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে মশলা কষান। কষানো হলে চিনি ও কাঁচামরিচ দিয়ে মিশিয়ে দিন। সিরকা দিন। হালকা ভাবে জ্বাল দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কাচা মরিচ ভেঙ্গে গুঁড়ো যেতে পারে। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিন। সব মসলা গায়ে গায়ে মাখানো হলে ও তেল ভেসে উঠলে নামিয়ে ফেলতে হবে। আচার বোতলে ভরতে হবে। আচারের ওপর পর্যন্ত সরিষার তেল থাকতে হবে নাহলে ছত্রাক পরতে পারে। মাঝেমধ্যে রোদে দিতে পারলে ভালো। ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করুন মজাদার কাঁচা মরিচের আচার।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।