সাহিত্যের গভীর পরিসর ও পাঠকের চেতনায় সৃষ্টির পুনর্জন্ম
জিয়াউদ্দিন লিটন, ফাইল ছবি
জিয়াউদ্দিন লিটন
সাহিত্য কেবল ভাষার শিল্প নয়; এটি মানবচেতনার এক দীর্ঘ ও জটিল যাত্রার দলিল। যুগে যুগে মানুষ তার অভিজ্ঞতা, বেদনা, প্রেম, সংগ্রাম ও আত্মঅন্বেষণকে ভাষার মাধ্যমে রূপ দিয়েছে। সেই রূপই সাহিত্য হয়ে মানবসভ্যতার মানসিক ইতিহাসকে ধারণ করেছে। কিন্তু সাহিত্য কেবল লেখকের একক সৃষ্টিকর্ম নয়; এর প্রকৃত অর্থ ও প্রাণশক্তি নির্মিত হয় লেখক ও পাঠকের পারস্পরিক সংলাপে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সাহিত্যতত্ত্বে এই সম্পর্ক নতুনভাবে আলোচিত হয়। টেক্সটের অর্থ আর কেবল লেখকের অভিপ্রায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পাঠকের ব্যাখ্যা, অভিজ্ঞতা ও সাংস্কৃতিক অবস্থানও অর্থ নির্মাণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে সাহিত্য এক বহুমাত্রিক ব্যাখ্যার ক্ষেত্র হয়ে ওঠে, যেখানে সৃষ্টির পুনর্জন্ম ঘটে পাঠকের চেতনায়।
আমি মনে করি, লেখকের রচনা মূলত তার ব্যক্তিগত অভিজ্ঞতা, সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত, দার্শনিক বিশ্বাস এবং সামাজিক অবলোকনের সমন্বয়ে নির্মিত। একজন লেখক যখন লিখতে বসেন; তখন তিনি কেবল শব্দ সাজান না; বরং সময়ের ইতিহাস, সমাজের স্মৃতি এবং নিজের অন্তর্জগতের অনুভবকে ভাষায় রূপ দেন। তাই লেখকের সৃষ্টিচেতনা নিছক ব্যক্তিগত নয়—এর গভীরে থাকে একটি বৃহত্তর সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতা।
সাহিত্যের ভাষা, বর্ণনাভঙ্গি, প্রতীক এবং চিত্রকল্প—সবই পাঠকের মানসিক জগতে একটি অনুভব সৃষ্টি করার জন্য নির্মিত হয়। যদি সেই অনুভব পাঠকের চেতনায় স্পন্দন সৃষ্টি করতে না পারে, তবে সাহিত্য তার পূর্ণতা লাভ করে না। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেন—‘সৃষ্টির পরিপূর্ণতা পাঠকের অনুভবের মধ্যেই সম্পন্ন হয়।’ এ বক্তব্য সাহিত্যসৃষ্টির একটি মৌল সত্যকে প্রকাশ করে। লেখক একটি জগৎ নির্মাণ করেন, কিন্তু সেই জগৎ প্রকৃত অর্থে জীবন্ত হয়ে ওঠে পাঠকের অভিজ্ঞতার ভেতর দিয়ে। ফলে সাহিত্য কেবল লেখা নয়; এটি একটি অভিজ্ঞতা, যা পাঠকের অন্তর্জগতে পুনর্জন্ম লাভ করে।
আধুনিক সাহিত্যতত্ত্বে পাঠকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রিডার-রেসপন্স থিওরি সাহিত্য বিশ্লেষণে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই তত্ত্বের মতে সাহিত্যিক টেক্সট একটি সম্ভাবনার ক্ষেত্র; এর অর্থ স্থির নয় বরং পাঠকের সক্রিয় ব্যাখ্যার মাধ্যমে তা প্রতিনিয়ত পরিবর্তিত ও প্রসারিত হয়। এ তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ তাত্ত্বিক উলফগ্যাং আইসার বলেন—‘পাঠকই টেক্সটের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন; তার ব্যাখ্যাই টেক্সটের অনুপস্থিত অংশগুলো পূর্ণ করে।’ অর্থাৎ একটি সাহিত্যকর্মে অনেক অব্যক্ত বা ইঙ্গিতপূর্ণ অংশ থাকে, যেগুলো পাঠকের কল্পনা ও অভিজ্ঞতার মাধ্যমে পূর্ণতা লাভ করে। ফলে একই সাহিত্যকর্ম ভিন্ন ভিন্ন পাঠকের কাছে ভিন্ন অর্থ বহন করতে পারে।
এ ধারণাকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেন ফরাসি সাহিত্যতাত্ত্বিক রোল্যান্ড বার্তেস। তাঁর বিখ্যাত উক্তি—‘পাঠকের জন্মের জন্য প্রয়োজন লেখকের মৃত্যু।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, লেখার অর্থ নির্ধারণে লেখকের একক কর্তৃত্ব আর প্রযোজ্য নয়। বরং পাঠকের সক্রিয় ব্যাখ্যা ও অংশগ্রহণই সাহিত্যকে বহুমাত্রিক করে তোলে। বার্তের মতে, একটি লেখা কখনো একক অর্থ বহন করে না; এটি বহুস্বরিক ও বহুভাষিক এবং পাঠকের ব্যাখ্যার মাধ্যমে এর নতুন নতুন অর্থ জন্ম নেয়।
সাহিত্যকে একটি সংলাপময় প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন রুশ চিন্তাবিদ মিখাইল বাখতিন। তাঁর ‘ডায়ালজিক ইমাজিনেশন’ তত্ত্ব অনুযায়ী প্রত্যেক সাহিত্যকর্মের ভেতরেই বহুস্বর, বহুমত এবং বহুবাচনিকতা উপস্থিত থাকে। বাখতিনের মতে, একটি টেক্সট কখনো একক কণ্ঠে কথা বলে না; বরং এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কণ্ঠস্বরের সমাবেশ ঘটে। লেখক একটি উচ্চারণ প্রদান করেন, কিন্তু পাঠক সেই উচ্চারণের সঙ্গে সংলাপে প্রবেশ করেন। ফলে প্রতিটি পাঠ একটি নতুন ব্যাখ্যা, একটি নতুন উচ্চারণ হয়ে ওঠে। বাখতিনের ভাষায়—‘প্রত্যেক পাঠই একটি নতুন উচ্চারণ; প্রতিটি ব্যাখ্যাই এক নতুন সংলাপ।’ এ দৃষ্টিভঙ্গি আমাদের মনে করিয়ে দেয় যে, সাহিত্য কখনো স্থির নয়; এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে অর্থের জন্ম, বিনাশ এবং পুনর্গঠন অবিরাম ঘটে চলেছে।
বাংলা সাহিত্যে পাঠকের পুনর্নির্মাণ: জীবনানন্দের উদাহরণ
বাংলা সাহিত্যে লেখক–পাঠক সম্পর্কের এই বহুমাত্রিকতা স্পষ্টভাবে দেখা যায় জীবনানন্দ দাশের কবিতায়। তাঁর কবিতার ভাষা, চিত্রকল্প এবং সময়চেতনা এমনভাবে নির্মিত যে, তা পাঠকের কল্পনাকে ক্রমাগত সক্রিয় করে। ধরা যাক তাঁর বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’। এই কবিতায় কবি সময়ের দীর্ঘ যাত্রার ভেতর দিয়ে এক শান্তির আশ্রয় খুঁজে পান—‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে…’
এই পঙক্তি কেবল একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়; এটি মানবসভ্যতার দীর্ঘ যাত্রার প্রতীক হয়ে ওঠে। পাঠক যখন এই কবিতা পড়েন; তখন তিনি নিজের জীবনযাত্রা, ক্লান্তি ও আশ্রয়ের অনুভবের সঙ্গে কবিতাটিকে নতুনভাবে যুক্ত করেন। ফলে প্রতিটি পাঠকের কাছে বনলতা সেন নতুন অর্থ ধারণ করে। জীবনানন্দের কবিতায় যে নৈঃশব্দ্য, স্মৃতি ও প্রকৃতির মায়াময় চিত্রকল্প দেখা যায়, তা পাঠকের চেতনায় এক গভীর প্রতিফলন সৃষ্টি করে। তাঁর কবিতার অর্থ তাই কখনো স্থির নয়; পাঠকের অনুভবের সঙ্গে সঙ্গে তা নতুন মাত্রা লাভ করে।
ডিজিটাল যুগে পাঠের পুনর্গঠন
বর্তমান ডিজিটাল যুগ লেখক–পাঠক সম্পর্ককে একটি নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ম্যাগাজিন, ব্লগ এবং ই-বুক প্ল্যাটফর্ম সাহিত্যের প্রচার ও পাঠকে বহুগুণ প্রসারিত করেছে। এখন একজন লেখক তার লেখা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই পাঠকের প্রতিক্রিয়া পেতে পারেন। পাঠকও সরাসরি মন্তব্য, আলোচনা ও সমালোচনার মাধ্যমে সাহিত্যিক সংলাপে অংশ নিতে পারেন। ফলে সাহিত্য আর কেবল মুদ্রিত পৃষ্ঠায় সীমাবদ্ধ নেই; এটি একটি চলমান সামাজিক আলোচনায় পরিণত হয়েছে।
তবে এই নতুন বাস্তবতার সঙ্গে কিছু চ্যালেঞ্জও যুক্ত হয়েছে—মনোযোগের ভঙ্গুরতা, দ্রুত প্রতিক্রিয়ার সংস্কৃতি এবং গভীর পাঠের অভাব সাহিত্যচর্চাকে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। এ প্রসঙ্গে সাহিত্যতাত্ত্বিক টেরি ঈগলটন মন্তব্য করেন—‘আধুনিক পাঠক তথ্য সংগ্রহ করেন; রূপান্তরের অভিজ্ঞতা খোঁজেন না।’ তবুও ডিজিটাল যুগ সাহিত্যের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বিশেষ করে বাংলা ভাষার সাহিত্য এখন বিশ্বব্যাপী পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। তরুণ লেখকেরা অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের প্রকাশের সুযোগ পাচ্ছেন, আর পাঠকেরাও বহুসাংস্কৃতিক সাহিত্য পড়ার সুযোগ পাচ্ছেন।
একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো—ডিজিটাল যুগে পাঠক কেবল পাঠক নন; তিনি অনেক সময় সহলেখক বা ব্যাখ্যাকার হয়ে ওঠেন। পাঠকের মন্তব্য, পুনর্ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে একটি সাহিত্যকর্ম নতুন সামাজিক জীবন লাভ করে।
সাংস্কৃতিক স্মৃতি ও সাহিত্য-সংযোগ
সাহিত্য কেবল নান্দনিক প্রকাশ নয়; এটি একটি সাংস্কৃতিক স্মৃতির ভান্ডার। একটি সাহিত্যকর্মের ভেতরে একটি সমাজের ইতিহাস, সংস্কৃতি এবং মানসিক অভিজ্ঞতা সংরক্ষিত থাকে। যখন পাঠক একটি সাহিত্যকর্ম পাঠ করেন; তখন তিনি কেবল শব্দ পড়েন না; বরং সেই শব্দের ভেতর দিয়ে নিজের সময় ও ইতিহাসকে নতুনভাবে উপলব্ধি করেন। লেখকের রচনাশৈলী সেই স্মৃতিকে সক্রিয় করে তোলে, আর পাঠক তার ব্যাখ্যার মাধ্যমে সেই স্মৃতিকে নতুন অর্থ প্রদান করেন। ফলে সাহিত্য সমাজে একটি সাংস্কৃতিক সংলাপ সৃষ্টি করে। লেখক একটি প্রশ্ন উত্থাপন করেন; পাঠক সেই প্রশ্নের নতুন ব্যাখ্যা নির্মাণ করেন। এ প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাজে নতুন চিন্তা, নতুন বোধ এবং নতুন সাংস্কৃতিক চেতনার জন্ম হয়।
সাহিত্য—এক চিরন্তন বিনিময়জগৎ
সাহিত্যের প্রকৃত শক্তি নিহিত রয়েছে লেখক ও পাঠকের এই আন্তঃসম্পর্কে। লেখক সৃষ্টির আলো জ্বালান, আর পাঠক সেই আলোতে নিজের অন্তর্জগতকে নতুনভাবে আবিষ্কার করেন। লেখক শব্দ দেন, পাঠক অর্থ দেন; লেখক দৃশ্য নির্মাণ করেন, পাঠক তার রূপ দেখেন নিজের অভিজ্ঞতার আয়নায়। ফলে সাহিত্য একটি চলমান সংলাপের ক্ষেত্র হয়ে ওঠে, যেখানে অর্থ কখনো স্থির থাকে না; বরং পাঠকের ব্যাখ্যার মাধ্যমে তা ক্রমাগত নতুন রূপ লাভ করে। এ কারণেই সাহিত্য কেবল একটি লেখা নয়; এটি একটি চিরন্তন বিনিময়জগৎ—যেখানে সৃষ্টির আলো পাঠকের চেতনায় নতুন জন্ম লাভ করে, আর সেই নবজন্মই সাহিত্যের প্রকৃত মহিমাকে উজ্জ্বল করে তোলে।
লেখক: সাবেক অধ্যক্ষ, কবি ও কাব্যালোচক।
এসইউ