ভিপি নুর এখন এমপি
প্রতিহিংসা নয়, শান্ত রাজনৈতিক পরিবেশ চাই
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর এখন এমপি নুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে নিজের অগ্রাধিকারমূলক কাজ, দলীয় ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. আশিকুজ্জামান আশিক।
জাগো নিউজ: সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। এই নির্বাচনে আপনার মূল প্রতিশ্রুতিগুলো কী ছিল?
নুরুল হক নুর: আমার নির্বাচনি এলাকা পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা উপজেলা দুইটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভঙ্গুর। আমার প্রধান প্রতিশ্রুতি ছিল এই যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ; অধিকাংশ ভবন জরাজীর্ণ। আমি চেয়েছি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে। চিকিৎসা খাতের অবস্থা আরও শোচনীয়। মানুষ অসুস্থ হলে ন্যূনতম সেবা পায় না, ভালো চিকিৎসক নেই। এসব মৌলিক সমস্যার সমাধানই ছিল আমার নির্বাচনের মূল অঙ্গীকার।

জাগো নিউজ: নির্বাচিত হওয়ার পর কোন কাজটি আপনার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে?
নুরুল হক নুর: আমি সবার আগে চিকিৎসা সেবার ওপর গুরুত্ব দিতে চাই। আমার উপজেলা দুইটিতে উন্নত ও সুন্দর চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা আমার প্রথম লক্ষ্য। সাধারণ মানুষ যেন ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পায় এবং কাউকে যেন বিনা চিকিৎসায় কষ্ট পেতে না হয়, সেটিই হবে আমার প্রথম কাজ।
জাগো নিউজ: এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে আপনার পরিকল্পনা কী?
নুরুল হক নুর: আমি নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। আমি চাই না প্রতিহিংসার রাজনীতি চলুক। আমি আমার নেতাকর্মী এবং সাধারণ মানুষ, সবার প্রতি অনুরোধ জানিয়েছি যেন এলাকায় একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্ত রাজনৈতিক পরিবেশ বজায় থাকে।
আরও পড়ুন
ভিপি নির্বাচিত হওয়া কে এই নুর
যতবার হামলার শিকার হয়েছেন নুরুল হক নুর
বিশ্বের ইতিহাসে নুরের মতো নির্যাতিত জাতীয় নেতা খুব কমই আছে: বাবা
ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস
জাগো নিউজ: আপনার দল ‘গণঅধিকার পরিষদ’ নিয়ে ভবিষ্যৎ ভাবনা কী?
নুরুল হক নুর: আমাদের দল সবসময় দেশ ও জাতির পরিবর্তনের পক্ষে কথা বলে। আমাদের দেশের একটা প্রবণতা হলো, কেউ সত্য বললে সেটা কারো পক্ষে যায়, কারো বিপক্ষে। যারা বিপক্ষে পড়েন তারা তখন তাকে খারাপ বলেন। আমরা মানুষের এই মানসিকতা পরিবর্তন করতে চাই। আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে চাই।
হ্যাঁ, এটা ঠিক যে আমাদের সব নেতাকর্মী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। তবে বিএনপির সঙ্গে আমাদের যে জোট এবং প্রাসঙ্গিক নানা বিষয় বিবেচনায় নিয়ে আমরা এগিয়েছি। আগামীতে আমাদের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবেন এবং দল হিসেবে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব।
বরিশাল নগরে গত ৪ ফেব্রুয়ারির নির্বাচনি জনসভায় নুরুল হক নুরের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। ছবি: নুরের ফেসবুক পেজ
জাগো নিউজ: রাজনৈতিক মহলে আলোচনা আছে আপনি মন্ত্রিত্ব পাচ্ছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
নুরুল হক নুর: মন্ত্রিত্বের বিষয়ে কিছু জানি না। দেখুন, যে সরকার গঠিত হতে যাচ্ছে তার নেতৃত্ব দেবেন তারেক রহমান। তিনি যদি বিবেচনা করেন যে আমার কোনো দায়িত্ব পাওয়া প্রয়োজন, তবেই আমি সেই দায়িত্ব গ্রহণ করব। এটি সম্পূর্ণ বিএনপি এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের বিষয়। তবে পদের চেয়ে বড় বিষয় হলো, আমরা এই সরকারের সঙ্গে থেকে দেশের জন্য একযোগে কাজ করে যেতে চাই।
আরও পড়ুন
ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এমন হামলা হয়নি: স্ত্রী মারিয়া নুর
গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর
পটুয়াখালীর চার আসনে বিএনপি ২, জামায়াত ১ ও গণঅধিকার ১
অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ আমরা দেখতে চাই না: নুরুল হক নুর
জাগো নিউজ: জাগো নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
নুরুল হক নুর: আপনাকে ও জাগো নিউজকেও অনেক ধন্যবাদ।
এমডিএএ/এমএমএআর