পটুয়াখালীর চার আসনে বিএনপি ২, জামায়াত ১ ও গণঅধিকার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে চারটি আসনের মধ্যে দুটিতে বিএনপি, একটিতে বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয় অর্জন করেছেন। একই সঙ্গে চারটি আসনেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জেলায় সার্বিকভাবে ভোটের হার ছিল ৬১ দশমিক ০৬৫ শতাংশ।

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫২ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ফিরোজ আলম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৯২টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৯ হাজার ২৬৮টি। পটুয়াখালী-১ আসনে ভোট পড়েছে ৫২ দশমিক ১৭ শতাংশ।

পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ৬৭৬ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৩ হাজার ১০০টি এবং ‘না’ ভোট এসেছে ৬১ হাজার ৫টি। এখানে ভোট কাস্টের হার ছিল ৬০ দশমিক ৮৪ শতাংশ।

পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩১ হাজার ১১৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৬ হাজার ৫৫৪টি। পটুয়াখালী-৩ আসনে ভোট কাস্টের হার ছিল ৬৩ দশমিক ১৫ শতাংশ।

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৪ হাজার ১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এসেছে ১ লাখ ২৫ হাজার ৪৫৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৬১ হাজার ৮৮৯টি। এই আসনে ভোট কাস্টের হার ছিল সর্বোচ্চ ৬৮ দশমিক ০১ শতাংশ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন।

মাহমুদ হাসান রায়হান/কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।