পর্ণোগ্রাফি মামলায় ইটিভি’র চেয়ারম্যান গ্রেফতার
জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গবার দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে ডিবি কার্যালয় থেকে জানানো হয়।
ইটিভির `একুশের চোখে` নামে একটি অনুষ্ঠনে স্বামী-স্ত্রীর স্ক্যান্ডাল বিষয়ে একটি অনুষ্ঠান প্রচারিত হওয়ায় গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলাতেই আবদুস সালামকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে কারওয়ান বাজারে ইটিভির কার্যালয় থেকে সোমবার রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়। এমনটাই দাবি করেছেন ইটিভির চিফ ফ্যাসিলিটিস কো-অর্ডিনেটর সাঈদ মুন্না।
সাঈদ মুন্না বলেন, চেয়ারম্যান আবদুস সালাম রাত সাড়ে তিনটার সময় অফিস থেকে বের হলে ইটিভি কার্যালয়ের সামনে থেকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে ধরে নিয়ে গেছে।