আলোচনার মাধ্যমে সংবাদপত্র কর্মচারীদের সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

দশম ওয়েজ বোর্ড ঘোষণা, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের নেতারা। এ লক্ষ্যে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি আলোচনার মাধ্যমে সাংবাদিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে এ দাবি-দাওয়া উপস্থাপন করে।

প্রতিনিধিদল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।

তথ্যমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন খান ও মহাসচিব মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।

এমএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।