ব্যস্ত প্রেস বক্সের সাংবাদিকরা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচের সংবাদ সংগ্রহে ব্যস্ত রয়েছে প্রেস বক্স। নিজের অফিসে সর্বশেষ সংবাদ সরবরাহের সঙ্গে সঙ্গে উপভোগ করছেন টাইগারদের পারফরম্যান্স। চূল চেড়া বিশ্লেষণ করছেন ম্যাচের ভবিষ্যত। পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে তারাও যেন ক্রিকেট প্রেমী।
কথা হয় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামানের সঙ্গে।তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ ৫০ বছর ধরে ক্রীড়া সাংবাদিকতায় অভিজ্ঞ এই সাংবাদিক বলছিলেন, বাংলাদেশের শুরুটা ভালো ছিলো। তবে মধ্য পর্যায়ে কিছুটা শ্লথ হয়ে গেছে। খেলায় গতি আনতে হবে।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সহ-সভাপতি কাজী শহীদ বলেন, আজকের ম্যাচটায় টাইগারদের কাছে প্রত্যাশা অনেক বেশি। আমি মনে করি, ২৬০ রান যদি টাইগাররা করতে পারে, তবে প্রতিযোগিতা হবে। আর ২৬০ পেরিয়ে গেলে বাংলাদেশের পক্ষে যাবে খেলা। আর আড়াইশো রানের নিচে থাকলে খেলা পাকিস্তানের পক্ষে যাবে।
তিনি বলেন, যেহেতু শীত নেই। গরব সময়। তাই রাতে পাকিস্তান খুব একটা ভালো করতে পারবে বলে মনে হয় না। কেমন উপভোগ করেন প্রশ্নে বলেন, এখন আর উপভোগ নয়। দায়িত্ব পালনটাই বড়।
জানতে চাইলে ডিজিটাল ঢুডে-র সিনিয়র স্পোর্টস রিপোর্টার মজিবুর রহমান বলেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শুরু থেকে পেশাগত দায়িত্ব পালন করছি এখানে। খেলাটা দায়িত্বের সঙ্গে এখন প্রাণ হয়ে গেছে। স্টেডিয়ামে না আসলে এখন দিন কাটতে চায়না। রক্তের সঙ্গে মিশে গেছে খেলাটা, বলছিলেন মজিবুর রহমান।
তিনি বলেন, আমার দেখা সেরা সিরিজ ছিল নিউজিল্যান্ডের সঙ্গে। যেখানে বাংলাদেশ তাদের বাংলাওয়াশ করেছিল। আশা করছি, তামিম ভালো কিছু করবে। অনেক দিন পর রানে ফিরছে। এই ক্রীড়া সাংবাদিক মনে করছেন, তামিমের ব্যাটে ভর করে বাংলাদেশ ভালো রান করবে।
এদিকে, ম্যাচ কাভার করতে দেশ ও বিদেশের অনেক সংবাদকর্মীর উপস্থিতিতে ব্যস্ত রয়েছে প্রেস বক্স। তারা সবাই ব্যস্ত সবশেষ সংবাদ তুলে ধরতে।
এসএ/বিএ/পিআর