নবীন-প্রবীণদের উপস্থিতিতে ডিআরইউ’র জমজমাট ইফতার পার্টি


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৭ জুন ২০১৫

ঘড়ির কাঁটায় তখন সাড়ে ৬টা।  ইফতারের তখনও বেশ কিছুটা সময় বাকি।  সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নীচ তলার মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বসে আছেন।  তাকে ঘিরে বসে আছেন ডিআরইউ’র সাবেক ও বর্তমান নেতারা।  হঠাৎ করে সবার নজর পড়লো মিলনায়তনে প্রবেশপথে।  একজন প্রবীণকে বিশেষ ধরণের ক্র্যাচে ভর করে প্রবেশ করতে দেখে ডিআরইউ’র কয়েকজন সদস্য সাহায্য করতে এগিয়ে গেলেন।  তাকে ধরে পেছনের একটি চেয়ারে বসিয়ে দেয়া হলো।

ডিআরইউ বর্তমান সাধারণ সম্পাদক মাইকে ঘোষণা করলেন, আমাদের সংগঠনের সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম ভাই আমাদের ইফতার অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন।  আমরা খুব খুশি ও তাকে স্বাগত জানাই।  অধুনালুপ্ত ‘বাংলার বাণী’র বার্তা সম্পাদক খাদেম ভাই বয়সের ভারে নুয়ে পড়লেও প্রাণের সংগঠন ডিআরইউ’র শনিবারের ইফতার অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন।

শুধু এই প্রবীণ সদস্যই নয়, ডিআরইউ’র ইফতার পার্টিতে ছুটে এসেছিলেন সাবেক ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বহু নবীন ও প্রবীণ সদস্য।

নবীন ও প্রবীণদের উপস্থিতিতে বিকেল থেকেই ডিআরইউ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।  বিকেল থেকেই ডিআরইউ’র বর্তমান কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ অন্যান্য নেতারা আগত সদস্যরা অভ্যর্থনা জানাতে থাকেন।

ডিআরইউ চত্বর জুড়ে বিশাল প্যান্ডেল করা হয়।  দেড় সহস্রাধিক সদস্যর জন্য ইফতারের আয়োজন করতে গত দুদিন যাবত ডিআরইউ নেতৃবন্দ ভীষণ ব্যস্ত সময় কাটান।

আগত ডিআরইউ সদস্যদের অনেকের অফিস দূরে হওয়ায় নিয়মিত ডিআইউতে ঢু মারার সুযোগ পাননা।  ইফতার পার্টিতে যোগদানের মাধ্যমে সবার সাথে দেখা ও কুশলাদি বিনিময়ের সুযোগ কেউ হাতছাড়া করেননি।  ইফতারের কয়েক মিনিট আগেও অনেককে টেবিলে ঘুরে ঘুরে কুশলাদি বিনিময় করতে দেখা গেছে।  ইফতারের আগে কোনো প্রকার বক্তব্য দেয়া না হলেও ডিআরইউর প্রতিষ্ঠাতা শফিকুল কবীরসহ প্রয়াত সব নেতা ও সদস্যদের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

ইসলামি ব্যাংকের সহযোগিতায় এ ইফতার পার্টির আয়োজন করা হয়।  ইফতারের মেন্যুতে প্রথমেই দু’পিস খেজুর, দু’পিস লাল আঙ্গুর, সামান্য ছোলা বুট, মুড়ি ও শরবত ও জুস, পানির বোতল দেয়া হয়।

এরপর পরিবেশন করা হয় সাদা ভাত, ভাজা রুইমাছ, সবজি, মুরগীর কারি ও জর্দা।  সবশেষে ছিল পান, সুপারি ও জর্দ্দার ব্যবস্থা।  সদস্যরা তৃপ্তিসহকারে মজাদার খাবার খান।  

ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, প্রতিষ্ঠানের পুরোনো ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর সদস্যদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার পার্টিতে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন বেশ কয়েকজন সদস্যকে তৎপর দেখা গেছে।
ইফতার অনুষ্ঠানে ডিআরইউ’র সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, শাহজাহান সর্দার, মাহফুজুর রহমান, মোসতাক আহমেদ, শাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জামালউদ্দিন, সিনিয়র সদস্য যুগান্তরের ডেপুটি এডিটর রফিকুল ইসলাম রতন, বেলাল আহমেদ, মনোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও ইসলামি ব্যাংকর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।   

এমইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।