দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার প্রধান আসামি জনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর লালবাগ এলাকায় দুই বান্ধবীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জনিকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তাপস কর্মকার বলেন, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে রাজধানীর লালবাগ থানা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী বসবাস করে আসছিলেন। তার স্বামী পারিবারিক কাজে বাইরে থাকায় তার এক বান্ধবীকে (২৬) রাতে থাকার জন্য বাসায় নিয়ে আসেন। গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে আসামি মো. জনিসহ ছয়জন কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে তল্লাশির নাম করে বাসায় প্রবেশ করেন। এরপর তারা ওই দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

তিনি বলেন, ওই নারী ঘটনাটি তার স্বামীকে জানান। এরপর তারা বাদী হয়ে লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার বিষয়টি জানতে পেরে ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যান।

পরে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-১০ বরাবর একটি পত্র দিলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গতকাল (১৪ ফেব্রুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় লালবাগের নবাবগঞ্জ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জনিকে (৩১) গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।