সমাবেশের প্রস্তুতি নিজেই মনিটরিং করছেন খালেদা
যে কোনো মূল্যে রাজধানীতে ৫ জানুয়ারির সমাবেশ সফল করতে নিজেই মোবাইলে সার্বিক প্রস্তুতি মনিটরিং করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বাঁচা মরার এই লড়াই যাতে ব্যর্থ না হয়, সে জন্যই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে দলের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সমাবেশ সফল করতে খালেদা জিয়া সার্বক্ষণিক বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিজেই মোবাইলে যোগাযোগ করছেন। এর মাধ্যমে সমাবেশের প্রস্তুতি সম্পর্কে অবহিত হচ্ছেন তিনি। একই সঙ্গে দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনাও।
সূত্র জানায়, ৫ জানুয়ারির সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে খালেদা জিয়া বিভিন্ন পেশাজীবী সংগঠন, দলের স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক , সম্পাদকমণ্ডলী, নগর বিএনপি, ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি যথাসময়েই খালেদা জিয়া নয়াপল্টন দলীয় কার্যালয়ে হাজির হবেন। সার্বিক অবস্থা বিবেচনা করতে তখন যা কিছু করতে হয় তাই তিনি করবেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি সমাবেশে যোগ দিতে যে কোনো সময় বাসা থেকে বের হবেন খালেদা জিয়া। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করতে না দিলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে সমাবেশ করবে বিএনপি।